লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী আহত
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামে গতকাল শুক্রবার ভোররাতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ভোররাতে তাকে নিয়ে চরশাহী গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় কামাল গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পুলিশের কনস্টেবল সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশিদ আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, কামাল উদ্দিন একাধিক মামলার আসামি।