লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' 'সন্ত্রাসী' নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালীপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
নিহত আবুল বাশারের (৩২) বাড়ি ইউনিয়নের সোনাপুর গ্রামে। পুলিশের দাবি, তিনি একটি সন্ত্রাসী দলের প্রধান। পরিবার বলছে, তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশের ভাষ্যমতে, ‘বন্দুকযুদ্ধে’ লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক এবং কনস্টেবল উৎপল দেব ও আবদুল কুদ্দুছ আহত হয়েছেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে কাজ্জালীপুর গ্রামে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ২০টি গুলি করে। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী বাহিনীর প্রধান বাশারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি গুলি ও ছুরি উদ্ধার করেছে।
আবুল বাশারের স্ত্রী ও পার্বতীনগর ইউপি সদস্য জোসনা বেগম বলেন, তাঁর স্বামী যুবদল করতেন। এক বছর ধরে তিনি এলাকায় থাকতেন না। ঢাকায় ব্যবসা করতেন। রাজনীতি করার কারণে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, শেষে তাঁকে জীবনও দিতে হয়েছে।
নিহত ব্যক্তির ছোট ভাই মো. মহসিন বলেন, তাঁর বড় ভাই আবুল বাশার পার্বতীনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান বলেন, নিহত বাশার যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আগে ইউনিয়ন যুবদলের কমিটিতে ছিলেন। তবে সর্বশেষ কমিটিতে ছিলেন না।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, আবুল বাশারের বুকের বাঁ পাশে দুটি গুলি লেগেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে বাশারের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্যাহ আল মামুন ভূঁইয়া বলেন, আবুল বাশার ওরফে শুটার আবুল বাশার একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা আছে।