লক্ষ্মীপুরের দালাল বাজারে ত্রাসের রাজত্ব চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার দালাল বাজার এলাকায় বর্তমানে ত্রাসের রাজত্ব চলছে বলে অভিযোগ করেছেন সেখানকার কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, ওই এলাকায় যুবলীগের নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে ও সম্পত্তি দখলের চেষ্টা চলছে। কিন্তু পুলিশ ও প্রশাসন প্রতিকার করছে না। যারা প্রতিবাদ করছে, তারা নির্যাতনের শিকার হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বাসিন্দাদের পক্ষে লিখিত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খসরু রতন।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা আবু তাহের, লক্ষ্মীপুরের নির্যাতিত পরিবারগুলোর পক্ষে মুরাদ হোসেন, সোহেল, বাবু, সুমন, খোকন, নিপা আক্তার, জয়নাল, রিপন, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, সাজু মিয়া, তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্যাতিত ব্যক্তিরা মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় পুলিশ প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে আওয়ামী লীগের নেতা নুরনবী ও তাঁর ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি সোহেল এ নির্যাতন করছেন। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা লিটন, পিউ ও পরানের দালাল বাজারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এরপর উল্টো নির্যাতিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। একই চক্র বর্তমানে দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদের বাড়ি দখল করার চেষ্টা করছে। একইভাবে যুবলীগের সাবেক কর্মী ও বর্তমানে প্রবাসী জাহাঙ্গীর আলমের দোকানঘরও দখল করা হয়েছে। কয়েক দিন আগে স্থানীয় যুবলীগ কর্মী বাবুকে হত্যার চেষ্টা করা হয়। এসব ঘটনার পর নির্যাতিত ব্যক্তিরা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এগুলো সব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭২ সালে ছাত্রলীগ ও ১৯৭৩ সালে যুবলীগের রাজনীতি করতেন। তাঁর ছেলে সোহেলও স্বাধীনতার সপক্ষের শক্তি।