লক্ষ্মীপুরের নিখোঁজ ছয় ছাত্র চাঁদপুরে উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ ছয় ছাত্রসহ এক শিক্ষককে চাঁদপুর থেকে আজ মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা বলেন, আজ বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ চাঁদপুর দক্ষিণ মতলব থানার পুলিশের সহযোগিতায় মতলবের গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ছাত্ররা হলো সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. রাসেল, আলতাফ হোসেনের ছেলে আবদুল্লাহ, হুমায়ুন কবিরের ছেলে জোবায়ের, হারুনুর রশিদের ছেলে মো. মুরাদ, জামাল হোসেনের ছেলে মো. রবিন এবং হাফেজ উল্যার ছেলে মো. মনির হোসেন। ছাত্রদের সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। আর ছাত্রদের সঙ্গে উদ্ধার করা হয় শিক্ষক হাফেজ মো. হোসাইন ওরফে জসিমকে। রাত নয়টার দিকে তাদের চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর গ্রামের রহমানিয়া তালিমুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. হোসাইন মাদ্রাসার ছয় ছাত্রকে নিয়ে বাইরে বের হন। রাতে অটোরিকশায় করে তাদের চলে যেতে দেখেছেন বলে ওই মাদ্রাসার আরেক শিক্ষক মো. মনিরুল ইসলাম পুলিশকে জানান। পরে গতকাল সোমবার রাতে শিক্ষক মনিরুল চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।