লঞ্চ কর্মীদের 'চাদর-বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা নৌপথের লঞ্চে জায়গা বিক্রি নিয়ে যাত্রী হয়রানি অব্যাহত রয়েছে। টিকিট কেটে লঞ্চে ওঠার পরও কেবিনের সামনে ও ডেকে চাদর বিছিয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন কর্মীরা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে মারামারির ঘটনাও ঘটছে।
সর্বশেষ গত সোমবার রাতে বরিশাল নৌবন্দরে ভেড়ানো সুন্দরবন-৮ লঞ্চের ডেকে চাদর বিছানো নিয়ে যাত্রীদের সঙ্গে লঞ্চের মালিক ও কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে যাত্রীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় কমপক্ষে আট যাত্রী আহত হন।
এ ব্যাপারে লঞ্চটির মালিকপক্ষ সুন্দরবন নেভিগেশনের মালিক বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান দাবি করেন, ‘যাত্রীদের অতিরিক্ত জায়গা দখল করে রাখার প্রতিবাদ করেন লঞ্চের কর্মীরা। তাতে ক্ষিপ্ত হয় যাত্রীরা। এ নিয়ে ঘটনার সূত্রপাত। পরে লঞ্চমালিকেরা মীমাংসা করতে যান। হামলা চালানোর অভিযোগ ঠিক নয়।’
একাধিক যাত্রী অভিযোগ করেন, বরিশাল থেকে ঢাকা থেকে অনেক যাত্রীই কেবিনের টিকিট পান না। তখন ডেকে যাওয়ার জন্য তাঁরা ২৫০ টাকার টিকিট কেটে লঞ্চে ওঠেন। কিন্তু লঞ্চে ওঠেই দেখেন আগে থেকে ডেক ও কেবিনের সামনের অংশে আগে থেকে লঞ্চের কর্মীরা চাদর ও তোশক বিছিয়ে রেখেছেন। এরপর ঢাকায় যাওয়া পর্যন্ত তাঁদের কাছে ওই জায়গা বিক্রি করেন।
গত রোববার বেলা দেড়টায় লঞ্চঘাটে এসে সুরভী-৭ লঞ্চে ওঠেন বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল এলাকার সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ১০০ টাকা দিয়ে তিনি একটি চাদরের জায়গা কিনেছেন। একইভাবে ১০০ টাকা দিয়ে জায়গা কিনেছেন ঝালকাঠির মো. রুবেল, মো. আবদুস ছালাম, সবুজ হাওলাদারসহ অনেকে।
সুরভী-৭ লঞ্চের কেবিনের সামনে বসা মো. আলমগীর হোসেন বলেন, ৩০০ টাকা দিয়ে লঞ্চের কর্মীদের কাছ থেকে জায়গা কিনেছেন। একই টাকায় জায়গা কিনেছেন এবি ব্যাংকের কর্মী মো. মাঈনুল, মো. বাবুল হোসেন, সোহাগ খান, লিটন সিকদার, মো. আমিনুল ইসলামসহ অনেকে।
সুরভী-৭ লঞ্চের কেবিন বয় মো. মাসুম মোল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ঈদের সময় অনেক যাত্রী কেবিনের সামনে বসেন। যে যা দেয় তাই নেওয়া হয়।’
এ ব্যাপারে সুরভী লঞ্চের মালিকদের একজন রিয়াজ উল কবির প্রথম আলোকে বলেন, ‘শুধু সুরভী লঞ্চে নয়, সব লঞ্চের ডেক ও কেবিনের সামনের জায়গা বিক্রি হয়। এর সঙ্গে মালিকপক্ষ জড়িত নয়।’
সুন্দরবন-৭ লঞ্চে কথা হয় যাত্রী ইকবাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘লঞ্চের কর্মীদের ৫০০ টাকা দিয়ে কেবিনের সামনে জায়গা কিনেছি।’ আবদুর রাজ্জাক বলেন, ‘টাকা দিয়েছি। তবে কত দিয়েছি সেটা বলতে নিষেধ করেছে।’
সুন্দরবন-৭ লঞ্চের কর্মী মো. মিজানুর রহমান, মো. সোহেল ও মো. রিয়াজ প্রথম আলোকে বলেন, ‘কেবিনের সামনে যেসব যাত্রীকে তোশক সরবরাহ করা হয়, তাঁদের কাছ থেকে ২০০-৩০০ টাকা নেওয়া হয়। এর বাইরে টাকা নেওয়া হয় না।’
বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, লঞ্চে ডেক বা কেবিনের সামনের জায়গা বিক্রি করার সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষ যাতে জড়িত না থাকে সে জন্য মাঝেমধ্যেই উদ্যোগ নেওয়া হয়। তবু কোনো কর্মী এর সঙ্গে জড়ালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।