লঞ্চ ভাড়ার টাকা লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী লঞ্চ ভাড়ার টাকা প্রায়ই স্থানীয় কয়েকজন সন্ত্রাসী লুট করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দিলে লঞ্চমালিক সমিতির কর্মচারীদের অকথ্য ভাষায় গালাগাল করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
গত সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (যাত্রী পরিবহন) আরিচা কার্যালয়ের সহসভাপতি আবদুল লতিফ খন্দকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্র ও ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৩৫টি লঞ্চ চলাচল করে। কয়েক দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে স্থানীয় হারুন মোল্লা, খোকন মোল্লা, লাল চান মোল্লা, আক্কাছ সরদার, ছামাদ মুন্সি, ইউনুছ মিয়া, পলোয়ান শেখসহ কয়েকজন জোর করে যাত্রীর কাছ থেকে লঞ্চের ভাড়া আদায় করছে। কখনো কখনো আদায় করা ভাড়ার টাকা তারা লুটপাট করে নিয়ে যায়। এরা কোনো লঞ্চমালিক কিংবা লঞ্চমালিক সমিতির সদস্য নয়। দৌলতদিয়া ঘাটে নিযুক্ত মালিক সমিতির কর্মচারীরা এতে বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
নাম প্রকাশ না করার শর্তে দৌলতদিয়া ঘাটে লঞ্চমালিক সমিতির তিন-চারজন কর্মচারী বলেন, জোর করে লঞ্চের ভাড়া আদায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাঁদের কয়েকবার মারধর করেছে। এ ছাড়া হত্যারও হুমকি দিয়েছে।
আবদুল লতিফ খন্দকার বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে লঞ্চ ভাড়ার টাকা আদায় করা মালিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। বাধ্য হয়ে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা ছাড়া উপায় থাকবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।
এর আগে ১৮ আগস্ট দৌলতদিয়া প্রান্তে জোর করে লঞ্চের ভাড়া আদায়ের প্রতিবাদে লঞ্চমালিকেরা লঞ্চ চলাচল বন্ধ রাখেন। এতে যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েন। ওই দিনই রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার লঞ্চমালিকদের ঘাট এলাকায় নিরাপত্তার আশ্বাস দিলে লঞ্চ চলাচল শুরু হয়।