লঞ্চে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের কেবিনে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে চার যুবককে দুটি গুলি ও একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া চারজন হলেন সুজন (১৯), রজ্জব (১৯), ইমরান (২৩) ও সাব্বির (২০)। তাঁদের বাড়ি ঢাকার জুরাইন এলাকায়।

ওই গৃহবধূর ভাষ্য, তিনি ও সহযাত্রী সোহেল তানভীর গতকাল রাত আটটার দিকে সদরঘাট থেকে মাদারীপুরগামী এমভি পারাবত-১৪ লঞ্চে ওঠেন। লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় পৌঁছালে তাঁদের কেবিনের সামনে এসে ওই যুবকেরা আইনের লোক পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে। পরে ওই গৃহবধূকে কেবিনে আটকে রেখে সোহেল তানভিরকে (২০) লঞ্চের ছাদে নিয়ে মারধর করে। যুবকেরা সোহেলকে নিজেদের কেবিনে নিয়ে আটকে রাখে। এর কিছুক্ষণ পর তারা ওই গৃহবধূর ঘরেÿঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। চিৎকার শুনে লঞ্চের অন্য যাত্রীরা এসে চার যুবককে আটক করে। ওই যুবকদের চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গৃহবধূর সহযাত্রী সোহেলের ভাষ্য, ইমরান ও সুজন ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এর আগে তারা দুটি মুঠোফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই করে।

গৃহবধূ ও সোহেল তানভিরের ভাষ্য, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। আগের স্বামীর সঙ্গে গৃহবধূর বনিবনা না হওয়ায় তাঁরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, চার যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। চাঁদপুর নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। গৃহবধূ ও তাঁর সহযাত্রীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে অভিভাবকদের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।