লঞ্চে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে লঞ্চের কেবিনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা করেছেন ওই কিশোরীর বন্ধু হাসিবুল হাসান। ওই দিন বিকেলেই কিশোরীকে বরিশাল সেফ হোমে পাঠানো হয়েছে।
সদর থানার পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার সদর উপজেলার আলোকদিয়া গ্রামের হাসিবুল হাসানের (১৮) সঙ্গে এক কিশোরী (১৬) ঢাকা থেকে ঝালকাঠিতে আসে।
পরদিন তারা সদর উপজেলার সুগন্ধা নদীর লঞ্চঘাটে ঢাকায় ফিরে যাওয়ার জন্য একটি লঞ্চে ওঠে। স্থানীয় বখাটেরা বিষয়টি টের পেয়ে তাদের ভয় দেখিয়ে লঞ্চের একটি কেবিনে আটকে রাখে।
দুই বখাটে হাসিবুলকে মারধর করে কেবিন থেকে বের করে দেয়। পরে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে।
হাসিবুল বিষয়টি পুলিশকে জানালে ঝালকাঠির গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল লঞ্চে তল্লাশি চালিয়ে একটি কেবিন থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা পালিয়ে যায়।
এ ঘটনায় হাসিবুল ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা মো. আরিফসহ (২৫) দুজনের নামে সদর থানায় মামলা করেন।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য কিশোরীকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।
তাকে আদালতের মাধ্যমে বরিশাল সেফ হোমে পাঠানো হয়েছে। আদালতে কিশোরী জবানবন্দি দিয়েছে।
ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।