লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার
ঝালকাঠিতে লঞ্চের কেবিন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি লঞ্চঘাটে নোঙর করা সুন্দরবন-৬ লঞ্চের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও লঞ্চের কর্মচারীদের সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ঢাকার সদরঘাটে ছয়-সাত মাসের একটি শিশু নিয়ে ওই নারী (৩৫) লঞ্চে ওঠেন। তখন তাঁর সঙ্গে দুজন পুরুষ ছিলেন। তাঁরা একটি মাস্টার কেবিন ভাড়া নেন। সকালে কেবিনটির দরজা বন্ধ থাকায় লঞ্চের কর্মচারীদের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লঞ্চের কর্মচারী লোকমান হোসেন বলেন, ‘সকালে লঞ্চটি ঘাটে নোঙর করার পর যাত্রীরা নেমে যান। কিন্তু একটি কেবিন বন্ধ থাকে। আমি ডাকাডাকি করি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রথমে মনে করি যাত্রীরা হয়তো ঘুমাচ্ছেন। বেলা ১১টার দিকে আবার গিয়ে কেবিনটি বন্ধ দেখি। পরে সন্দেহ হয়। তখন পুলিশকে জানানো হয়। পুলিশ এসে সজোরে ধাক্কা দিলে দরজা খুলে যায়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, ওই নারীর মুখমণ্ডল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।