লঞ্চের কেবিনে নারীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা নৌপথে যাত্রীবাহী একটি লঞ্চের ভেতরে গত সোমবার গভীর রাতে খুন হয়েছেন মিনা আক্তার (২৪) নামের এক নারী। এ ঘটনায় তাঁর স্বামীসহ তিনজনকে আটক করে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেছেন লঞ্চের শ্রমিক ও যাত্রীরা।

নিহত মিনা আক্তারের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামে। বাবার নাম মৃত মো. সবদার আলী। মিনার স্বামী মো. আনিছ পাটোয়ারীর (১৯) বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাইজার গ্রামে। তিনি ঢাকায় একটি জুতার দোকানে কাজ করেন। আটক অন্য দুজন হলেন আনিছের চাচাতো ভাই কালাম পাটোয়ারী (২৫) ও নওগাঁ সদর উপজেলার পাকাপুর গ্রামের সাঈদ হাসানের ছেলে মো. তুষার (২০)।

লঞ্চের যাত্রী ও শ্রমিকেরা জানান, মিনা আক্তার, তাঁর স্বামী আনিছ পাটোয়ারীসহ চারজন সোমবার ঢাকা থেকে বরিশালগামী পারাবত-১০ লঞ্চের ছাদে একটি স্টাফ কেবিনে ওঠেন। রাত আড়াইটার দিকে ওই কেবিনের ভেতরে আর্তনাদ শুনতে পান একজন যাত্রী। তাঁর চিৎকারে অন্য যাত্রী ও লঞ্চের কর্মীরা সেখানে জড়ো হন। তাঁরা কেবিনের দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে অনেক ধাক্কাধাক্কির পর দরজা খোলা হয়। তখন দেখা যায়, মেঝেতে গলা কাটা অবস্থায় পড়ে আছে মিনার নিথর দেহ। এ সময় কেবিনের ভেতরে থাকা আনিছের চাচাতো ভাই কালাম পাটোয়ারী ও নওগাঁর পাকাপুর গ্রামের মো. তুষারকে আটক করা হয়।পরে আনিছকেও আটক করা হয়।

এই তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, মুঠোফোনের মাধ্যমে গত ঈদুল ফিতরের আগে আনিছের সঙ্গে মিনা আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বয়সে বড় হওয়ায় মিনাকে প্রথমে বিয়ে করতে চাননি আনিছ। একপর্যায়ে বিয়ে করতে বাধ্য হন তিনি। এ ছাড়া বিয়ের পর মিনার চলাফেরা পছন্দ হয়নি তাঁর। এ কারণেই স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন আনিছ। পরিকল্পনা অনুযায়ী, কুয়াকাটায় ঘুরতে যাওয়ার নাম করে তিনি স্ত্রীকে নিয়ে সোমবার রাতে লঞ্চে ওঠেন। রাত দুইটার দিকে আনিছ কেবিন থেকে বেরিয়ে গেলে কালাম ও তুষার ছুরি দিয়ে গলা কেটে মিনাকে হত্যা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওয়াদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।