লটারি বাণিজ্য ও যাত্রার নামে অশ্লীল নৃত্য
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চবিদ্যালয় মাঠে মেলায় যাত্রাপালার নামে চলছে অশ্লীল নৃত্য। চলছে লটারি বাণিজ্য ও জুয়া। পুরস্কারের লোভে লটারির ফাঁদে পড়ে স্থানীয় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ছাড়া ওই বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ যাত্রাশিল্পীদের বিশ্রামাগার ও থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১২ জানুয়ারি থেকে গুজিশহর প্রেমগোসাই মন্দির কমিটি ও গুজিশহর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে শুরু হয় মাসব্যাপী মেলা। স্থানীয় ব্যক্তিদের কাছে এটি প্রেমতলীর মেলা নামে পরিচিত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ এই মেলার পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী। এ ছাড়া তিনি গুজিশহর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয় ভবনের সামনের মাঠে করা হয়েছে যাত্রাপালার মঞ্চ। মাঠটি চারপাশে সীমানাপ্রাচীর দেওয়া। বিদ্যালয়ের একটি কক্ষে যাত্রাশিল্পীদের বিশ্রামাগার ও থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিদ্যালয়ের পাশেই গুজিশহর বাজারের দক্ষিণ দিকে অবস্থিত গুজিশহর প্রেমগোসাই মন্দির। মন্দির থেকে একটু অদূরে একটি মাঠে পদ্মা র্যাফল ড্র নামে একটি মঞ্চ করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় টেবিল পেতে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা।
শুধু মেলা প্রাঙ্গণ নয়, অর্ধশতাধিক ইজিবাইকে করে নিয়ামপুর ও মান্দার বিভিন্ন এলাকায় মাইকিং করে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। এ ছাড়া প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় ক্যাব্ল টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে লটারির ড্র।
গুজিশহর বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল, তারেক ও জুবায়ের বলে, ‘বিদ্যালয়ের মাঠ দখল করে যাত্রার প্যান্ডেল করা হয়েছে। বিদ্যালয় থেকে অদূরে মাঠে করা হয়েছে লটারির মঞ্চ। প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত মাইকিং করে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। এর কারণে তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। দিনের বেলা মাইকের শব্দে ক্লাসে স্যারদের কথা সব বোঝা যায় না। এ ছাড়া আমাদের অনেক বন্ধু আছে, যারা রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে এসে যাত্রা দেখে। এখানে নাকি অনেক খারাপ খারাপ নাচ হয়।’
বাহাদুরপুর ইউনিয়নের রামনগর গ্রামের ভ্যানচালক জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘মেলা শুরুর দিন থেকে প্রতিদিন ১০টা করে টিকিট কিনিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত ভাগ্যের চাকা খুলল না।’ নানা শ্রেণি-পেশার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, পুরস্কারের লোভে লটারি কিনে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মেলা কমিটির সাধারণ সম্পাদক ও গুজিশহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় প্রাঙ্গণে যাত্রা প্যান্ডেল করা হলেও লেখাপড়ার কোনো ব্যাঘাত ঘটছে না। ক্লাস নিয়মিত হচ্ছে। তবে বিদ্যালয়ের একটি কক্ষে যাত্রাশিল্পীরা অবস্থান নেওয়ায় একটু সমস্যা হচ্ছে। স্থানীয় বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য মেলায় যাত্রা ও র্যাফল ড্রর আয়োজন করা হয়েছে।’
মেলার প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ দাবি করেন, ‘গ্রামীণ সংস্কৃতির উন্নয়নের জন্য মেলায় প্রতিবছর যাত্রাপালার আয়োজন করা হয়। এ বছর প্রথম দিকে লোকজন যাত্রাপালায় অশ্লীল নৃত্য হচ্ছে বলে অভিযোগ করেছিল। আমরা জানার পর তা বন্ধ করে দিয়েছি। এখন আর অশ্লীল নৃত্য হচ্ছে না।’ র্যাফল ড্রর বিষয়ে তিনি বলেন, ‘আমার জানামতে র্যাফল ড্র অবৈধ নয়। যদি প্রশাসন র্যাফল ড্র চালাতে না দেয়, আমরা বন্ধ করে দেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মাহফুজুল আলম বলেন, ‘লটারির বিষয়ে ডিসি স্যার ও এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে। লটারি বন্ধে দু-এক দিনের মধ্যেই মেলা কর্তৃপক্ষকে নোটিশ করা হবে। আর যাত্রার নামে অশ্লীলতা চললে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হবে, যাত্রার নামে অনৈতিক কিছু চলার প্রমাণ পেলে তা বন্ধ করে দেওয়া হবে।’