লটারির টিকিট বিক্রি বন্ধ করায় হত্যার হুমকি ইউপি চেয়ারম্যানকে!
লটারির টিকেট বিক্রিতে বাধা দেওয়ায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার সন্ধ্যায় আক্কেলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান জিডিতে উল্লেখ করেছেন, জয়পুরহাট ও পাশ্ববর্তী নওগাঁ জেলা সদরের মেলায় লটারি চলছে। প্রতিদিন লটারির বিক্রেতারা একাধিক অটোরিকশা ও পিকআপযোগে তাঁর ইউনিয়নে এসে লটারির টিকিট বিক্রি করছেন। লোভনীয় পুরস্কারের টোপে পড়ে লোকজন দেদারসে লটারির টিকেট কিনছেন। এতে এলাকার লোকজন নিঃস্ব হচ্ছেন। মেলায় এভাবে লটারি চলায় সম্প্রতি তাঁর ইউনিয়নে অপরাধপ্রবণতাও বেড়েছে। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁর ইউনিয়নে লটারির টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেন। তিনি লটারির টিকেট বিক্রেতাদের তাঁর ইউপিতে টিকিট বিক্রি না করতে অনুরোধ করেন। কিন্তু টিকিট বিক্রেতারা স্থানীয় কয়েকজনকে ম্যানেজ করে ওই ইউনিয়নে লটারির টিকিট বিক্রি চালিয়ে যাচ্ছিলেন।
গত রোববার দুপুরে একাধিক অটোরিকশা ও পিকআপ ভ্যানে রায়কালী বাজারে লটারির টিকিট বিক্রি হচ্ছিল। খবর পেয়ে তিনি সেখানে গ্রামপুলিশ সদস্যদের পাঠান। গ্রামপুলিশ সদস্যরা সেখানে গিয়ে লটারির টিকিটের বিক্রি বন্ধ করে দেন। এতে রায়কালী খাঁ পাড়া গ্রামের বাসিন্দা হাফেজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে গ্রামপুলিশ সদস্যদের গালাগাল দেন। এখানেই শেষ হয়নি। তিনি (চেয়ারম্যান) ইউপি কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে গত রোববার বেলা সাড়ে তিনটায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রায়কালী-তিলকপুর সড়কের রায়কালী তিনমাথা মোড়ে হাফেজ উদ্দিন তাঁকে থামান। এ সময় হাফেজ উদ্দিন লটারির টিকিট বিক্রি বন্ধের কারণ জানতে চান। কপর্যায়ে সেখানে লোকজনও জড়ো হয়। হাফেজ উদ্দিন লোকজনের উপস্থিতিতে তাঁকে হত্যার হুমকি দেন।
ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, ‘হাফেজ উদ্দিন একজন দুষ্কৃতকারী। লটারির টিকিট বিক্রি বন্ধ করায় তিনি আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলতে চেয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’
হাফেজ উদ্দিন বলেন, ‘লটারির টিকিট বিক্রি বন্ধ করে শাহিন চেয়ারম্যান বাড়াবাড়ি করছে। তবে চেয়ারম্যানকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি।’
ওসি সিরাজুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হবে। লটারির কারণে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে বলে ওসি জানান।