লটারির নকল টিকিট বিক্রি, গাড়ি ঘেরাও
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় লটারির নকল টিকিট বিক্রির অভিযোগে ক্ষুব্ধ লোকজন টিকিট বিক্রির গাড়ি ঘেরাও করে রাখেন। আক্কেলপুর পৌর শহরের কলেজ হাট এলাকায় গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।
রোয়াইড় গ্রামের বাসিন্দারা বলেন, জয়পুরহাট জেলা সদরের স্টেডিয়ামে কুটির শিল্প মেলায় ‘দৈনিক মন মাতানো’র নাম দিয়ে লটারি চলছে। গত শুক্রবার ড্র অনুষ্ঠানে লটারির আয়োজকেরা বলেন, শনিবার হাতি মার্কা সিরিজের টিকিট বিক্রি করা হবে।
গতকাল আক্কেলপুর শহরে চারটি অটোরিকশায় লটারির টিকিট বিক্রি হচ্ছিল। লটারির টিকিট কেনার পর লোকজন দেখেন, হাতি মার্কার বদলে মাছ মার্কা টিকিট বিক্রি করা হচ্ছে। পরে ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন কলেজ হাটে লটারির টিকিট বিক্রির তিনটি গাড়ি ঘেরাও করেন। তখন টিকিট বিক্রেতারা গাড়ি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে কলেজ হাট ইজারাদারের লোকজন এসে গাড়িগুলো ভাঙচুরের হাত থেকে রক্ষা করেন।
স্থানীয় লোকজন বলেন, প্রতিদিন লটারিতে মোটরসাইকেলসহ বিভিন্ন রকমের পুরস্কার থাকছে। পুরস্কারের লোভে পড়ে অনেকে লটারির টিকিট কিনছেন। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা। কলেজ হাটের টোল আদায়কারী হিরো বলেন, তিনি লটারির আয়োজকদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাঁকে জানিয়েছেন প্রেস থেকে লটারির টিকিট সরবরাহ কম আসায় মাছ সিরিজের টিকিটও ছাড়া হয়েছে। মাছ মার্কা সিরিজের টিকিট নকল নয়।
আক্কেলপুর থানার এসআই রেজাউল করিম আকন্দ বলেন, আয়োজকেরা একটি সিরিজের টিকিট বিক্রির ঘোষণা দিয়ে দুটি সিরিজের টিকিট বিক্রি করায় এ সমস্যা দেখা দিয়েছে।