লটারির নামে প্রতারণা, সাত বিদেশিসহ গ্রেপ্তার ৮
প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার ও সোমবার রাতে মিরপুর ও দক্ষিণখানের আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন নাইজেরিয়ার নাগরিক ও একজন বাংলাদেশি। এঁরা হলেন আনুকু ডোনাটাস ইকউইলর, উগোচুকু আলফ্রেড, মাইকেল ওনিদিকা নেজি, চিরি ইবেউইক, ওবুম স্যামুয়েল চুকু ডুলো, হেনরি এসিয়াক, আনাইয়ো ওগাবদা ও মো. আরিফুল ইসলাম। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব-৪-এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির এসব জানান।
লুৎফুল কবির বলেন, লটারিতে টাকা ও মূল্যবান জিনিসপত্র জেতার কথা বলে গ্রেপ্তার ব্যক্তিরা সাধারণ মানুষের মুঠোফোনে খুদেবার্তা পাঠাতেন। পরে লটারির টাকা ও জিনিসপত্র পার্সেলে পৌঁছানোর কথা বলে টাকা হাতিয়ে নিত। তাঁদের কাছ থেকে ২২টি মুঠোফোন, একটি ল্যাপটপ, দুটি মডেম এবং ৩ হাজার ৫০০ নাইজেরিয়ার মুদ্রা, ৩০১ ইউএস ডলার, ৫ বাহরাইনের দিনার ও ১ লাখ ৪১ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।