লটারির প্রতারণার অভিযোগে ৩ বিদেশিসহ আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে নাইজেরিয়ার তিন নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও বারিধারা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন নাইজেরীয় হলেন চুকওয়া ইমানুয়েল ওরফে উবেন্না, মাইকেল বউমনিমি ওরফে ইইউজিন ও ডেভিড ওরফে উসেননিয়া নিকোলাস। গ্রেপ্তারের তালিকায় তাঁদের সঙ্গে বিপ্লব লসকর, হারুনুর রশিদ ওরফে কামাল, রেজাউল ইসলাম, কাওসার ও শওকত আলী নামে পাঁচ বাংলাদেশিও রয়েছেন।

এই গ্রেপ্তার অভিযান নিয়ে গতকাল দুপুরে ডিএমপির গণমাধ্যম মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৬৭টি চেক বই, ১৬টি মুঠোফোন, ১টি ল্যাপটপ ও ১৫টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনা নিয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি মানুষকে ভুয়া লটারি ও পিওর বায়ো লিভিয়া সিড বিক্রির কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এই প্রতারণার সঙ্গে আরও কয়েকজন নাইজেরিয়ান ও বাংলাদেশিও জড়িত উল্লেখ করা হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রটি প্রথমে গ্রাহকের মুঠোফোনে প্রথমে একটি মেসেজ পাঠিয়ে জানায় যে তাঁর নম্বরটি পাঁচ লাখ পাউন্ড লটারির জন্য মনোনীত হয়েছে এবং তা নিশ্চিত করার জন্য তাঁর নাম-ঠিকানা দিতে বলা হয়। কেউ নাম-ঠিকানা দিলে ফিরতি মেসেজে তাঁর লটারির টাকা কনফার্ম হয়েছে জানানো হয়, প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো এক ব্যক্তির নাম-ঠিকানা থেকে পাঠানো হয় ভুয়া কাগজপত্র। তখন মেসেজ পাওয়া ব্যক্তিরা টাকার লোভে তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রতারকেরা পাঁচ লাখ পাউন্ড বাংলাদেশে আনতে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য ৩৮ হাজার টাকা চান। টাকা পাঠানোর পর কাস্টমস ফি বেড়ে গেছে বলে আরও টাকা চান। এভাবে টাকা নেওয়া হয়ে গেলে তাঁরা সব যোগাযোগ বন্ধ করে দেন।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ৫ থেকে ২৫ শতাংশ কমিশনের ভিত্তিতে বাংলাদেশিদের মাধ্যমে এই প্রতারণায় জড়িত মূলত নাইজেরীয়রা। চক্রের হোতা ডেভিড ওরফে ডেভ নাইজেরিয়া থেকে তাঁর প্রতারণার কার্যক্রম পরিচালনা করেন; মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, নেট ও আইটেলডায়ালারপ্লাস নামের অ্যাপ ব্যবহার করা হয়।