লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণ
মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকী আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত রোববার রাতে কলকাতা থেকে ঢাকায় ফিরে অজ্ঞাত স্থানে চলে যান লতিফ সিদ্দিকী। গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ।
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না-করা নিয়ে গতকাল সোমবার সকাল থেকে সরকারের মধ্যে একধরনের অস্বস্তি দেখা দেয়।
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দেয়। সংসদে অনির্ধারিত আলোচনায় তাঁর সদস্যপদ বাতিল ও গ্রেপ্তারের দাবি ওঠে।
এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত রাতে প্রথম আলোকে বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও দল থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী।
আরও জানতে পড়ুন: