লতিফ সিদ্দিকীর ওপর হামলা করতেন তাঁরা: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) সন্দেহভাজন চার সদস্যকে বিস্ফোরকদ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে দাবি করেছে পুলিশ। তাঁরা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সাংবাদিকদের ব্রিফিং করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাওলানা মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও সালাউদ্দিন আহমেদ (২৯)। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রফিক হুজি-বির নেতা, উমর বোমাবিশেষজ্ঞ এবং বাকি দুজন বিস্ফোরক সরবরাহকারী।
ব্রিফিংয়ে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে উচ্চমাত্রার বিস্ফোরকদ্রব্য, বোমা তৈরির বিপুল উপকরণ ও পাকিস্তানে তৈরি একটি মেশিনগান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি গবেষণাগারের খোঁজ পাওয়া গেছে।
মনিরুল ইসলাম দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ২৫টি বিস্ফোরক তৈরি করেছেন। আরও ৩০টি বিস্ফোরক তৈরি করার মতো উপকরণ তাঁদের কাছে পাওয়া গেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে একটি ও ওয়ারীতে একটি পরীক্ষাগারের সন্ধান পাওয়া গেছে।
আজ সকালে ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানিয়েছিলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে উচ্চপর্যায়ের ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।
মনিরুল ইসলাম দাবি করেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর এ মাসেই হামলার পরিকল্পনা করছিলেন জঙ্গিরা। তাঁরা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী মহানগরের গুরুত্বপূর্ণ স্থানেও হামলার পরিকল্পনা করছিলেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার অভিযোগে কারাগারে থাকা জঙ্গি নেতা আবু জাফরের নির্দেশ পালন করছিলেন গ্রেপ্তার হওয়া এই চার ব্যক্তি। তাঁরা সব জঙ্গিকে নিয়ে ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ নামে একটি ‘কমন প্লাটফর্ম’ তৈরির চেষ্টা করছিলেন।