লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এবার ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এবার ব্রাহ্মণবাড়িয়ায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া শাখার সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম সিরাজাম মুনীরা বাদীপক্ষের আইনজীবীর শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন ও পরে আদেশ দেবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী আলী আজম চৌধুরী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধি ২৯৫ (ক) ধারা মোতাবেক এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী আমিনুল ইসলাম শাহীন জানান, পবিত্র হজ, তাবলিগ জামাত ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কথা বলায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন ।