লতিফ সিদ্দিকীর শাস্তি দাবিতে মিছিল, যুবক আটক
মন্ত্রী লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা ভন্ডুল হয়ে যায়। ওই সময় পুলিশ শামীম নামের এক যুবককে আটক করে।
জানা যায়, ‘হাফেজ কল্যাণ ট্রাস্ট’ নামের একটি সংগঠনের ব্যানারে ওই মিছিলের উদ্যোগ নেওয়া হয়।
রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, লতিফ সিদ্দিকীর শাস্তি দাবিতে মিছিলের আহ্বান জানিয়ে হাফেজ কল্যাণ ট্রাস্ট নামের একটি সংগঠনের পক্ষ থেকে পৌর এলাকার কয়েকটি মসজিদে ইমামদের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠি সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পৌর সদরের আলেকজান্ডার বাজারে আগেই অবস্থান নেয়। জুমার নামাজ শেষে বাজারের রহমানিয়া মসজিদের সামনে ২০-২৫ জনের একদল যুবক মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে ওই যুবকেরা মিছিল শুরু করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় ঘটনাস্থল থেকে শামীম নামের এক যুবককে আটক করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল রাত আটটায় জানান, শামীমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা যায়, শামীম রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকার আবদুল মোমিনের ছেলে।