লতিফের বিচার দাবির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ১৫

মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে নাটোর জেলা জামায়াতে ইসলামী আজ বুধবার বিকেলে শহরের চকরামপুরে মিছিল বের করার পর পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জেলা আমিরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা জামায়াতের নেতা-কর্মীরা চকরামপুর এলাকায় পচুর হোটেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্যকরে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পরিস্থিতি সামাল দিতে শর্টগানের ১০টি গুলি ছোড়ে পুলিশ। এ সময় নাটোর-পাবনা মহাসড়কে সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহবুদ্দিন, উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান, ছাত্রশিবিরের সাবেক নেতা কল্লোল ও দৈনিক সংগ্রাম-এর নাটোর প্রতিনিধি রিয়াজুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের আমির ইউনুস আলী, শহর জামায়াতের আমির আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, সদর উপজেলা আমির মীর নূরুন্নবী ও জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলামসহ ১৫ জনকে পুলিশ আটক করেছে।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল শুরু করেছিলাম। অথচ পুলিশ আমাদের রাস্তায় দাঁড়াতেই দেয়নি। আমাদের ধর্মের মূল স্তম্ভের একটি হজ। একজন মন্ত্রী হজ নিয়ে কটূক্তি করবেন, অথচ আমরা তার প্রতিবাদ করতে পারব না, এটা অন্যায়।’
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবাদের নামে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি বন্ধ করে ভাঙচুর করেছে। আমরা পরিস্থিতি শান্ত করতে গেলে আমাদের ওপর নির্বিচারে ইট-পাথর মেরেছে। তাই আমরা ১৫ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’