লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত জাকারিয়া ইসলামকে (৪৬)। গত সোমবার বিকেলে হোয়াইট চ্যাপেলের গ্রেটরেক্স বিজনেস সেন্টারে ওই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে লন্ডন মেট্রোপলিটন পুলিশ একজনকে আটক করেছে।
লন্ডন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে জাকারিয়াকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির হাতে জখম ছিল এবং তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পুলিশি হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তির নাম, ঠিকানা, জাতীয়তা সম্পর্কে কিছু বলা হয়নি। বিজ্ঞপ্তিতে কেবল বলা হয়েছে, আটক ব্যক্তির বয়স ৪৩ বছর। হত্যার কারণ সম্পর্কেও কোনো কিছু জানাননি তদন্তকারীরা। পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে। তাদের প্রাথমিক সন্দেহ, নিহত ব্যক্তি এবং আটক সন্দেহভাজন হত্যাকারী একে অন্যের পূর্বপরিচিত।
নিহত ব্যক্তির পরিচিতজনেরা প্রথম আলোকে জানান, জাকারিয়া গ্রেটরেক্স স্ট্রিটের কার্যালয়ে জিন-ভূত তাড়ানো ও ঝাড়ফুঁক দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারতেন বলে দাবি করতেন। পাশাপাশি তিনি গাড়িচালকদের প্রশিক্ষক ছিলেন। বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়ি। তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তানসহ পূর্ব লন্ডনের মাইলএন্ড রোডের একটি বাসায় থাকতেন।