লন্ডনে বাসার সামনে বাঙালি তরুণ খুন
পূর্ব লন্ডনে নিজ বাসার সামনেই ছুরিকাঘাতে খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সাইদ জামানুর ইসলাম (২০)। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে।
নিহত জামানুরের প্রতিবেশী সুলতান হায়দার প্রথম আলোকে বলেন, জামানুরের বাবার নাম সাইদ আবদুল মুকিত। বাংলাদেশে তাঁদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের করিমপুর গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে জামানুর সবার বড়। পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড এলাকার ওয়েগার স্ট্রিটে তাঁদের বাসা।
জানা গেছে, কয়েকজন তরুণ জামানুরকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় হট্টগোল শুনে জামানুরের মা ও স্বজনেরা বের হয়ে আসেন। তাঁরা জামানুরকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন। পুলিশ ও অ্যাম্বুল্যান্স আসার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের ধারণা, ওয়েগার স্ট্রিটে তরুণদের দুই দলের বিবাদের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।