লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর হামলা
অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী লন্ডনে হামলার শিকার হয়েছেন। তাঁর মেয়ে নাদিয়া চৌধুরী নিজের ফেসবুকে এ কথা জানিয়েছেন। খবর ইউএনবির।
ফেসবুক স্ট্যাটাসে নাদিয়া লিখেছেন, তাঁরা লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাসায় যাচ্ছিলেন। পথে হঠাৎ তাঁর বাবা বেথনাল গ্রিন এলাকায় ইয়োর্ক হলে দুর্গাপূজা দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি জানতে পারেন তাঁর অনেক পরিচিত মানুষ সেখানে আছে। পূজামণ্ডপে তাঁরা প্রায় পাঁচ মিনিট ছিলেন এবং পরিচিতদের অনুরোধে তাঁর বাবা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি সবাইকে পূজার শুভেচ্ছা জানান।
নাদিয়া আরও লিখেছেন, পূজামণ্ডপ থেকে বের হয়ে তাঁরা রাস্তা পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন গাড়িতে ওঠার জন্য। তখন এক ব্যক্তি তাঁর বাবার সামনে এসে জানতে চান, ‘আপনিই কি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।’ উত্তর না দিয়ে তাঁর বাবা এগোতে থাকলে আরও কয়েকজন দ্রুত সেখানে এসে তাঁর বাবাকে মারতে থাকেন।
নাদিয়া লিখেছেন, ‘যতটুকু সম্ভব আমি বাবাকে রক্ষার চেষ্টা করি এবং হামলাকারীদের মারতে থাকি। কিন্তু তারা বাবাকে ছিনিয়ে নিয়ে মারতে থাকে। একপর্যায়ে বাবা মাটিতে পড়ে যান। আমরা দুজনই চিৎকার করতে থাকি। হামলাকারীরা বাবার মুঠোফোন ছিনিয়ে নেয়।’
বিচারপতির মেয়ে আরও লিখেছেন, তাঁদের ওপর যখন হামলা হচ্ছিল, তখন রাস্তার অপর পাশে দাঁড়িয়ে অনেক লোক তা দেখছিল। কিন্তু তাঁদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। নাদিয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন। লন্ডন পৌঁছেই আমরা হামলার শিকার হলাম, যেখানে আরামে আছেন তারেক জিয়া। আর তাঁর মা বিএনপির নেত্রীও এখন লন্ডনে আছেন।’
গতকাল বৃহস্পতিবার ইউএনবি নাদিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ফেসবুক স্ট্যাটাসটি প্রথম তিনি বন্ধুদের জন্যই দিয়েছিলেন। তবে পরে গণমাধ্যমের বন্ধুদের জন্য তা উন্মুক্ত করে দিয়েছেন।
নাদিয়া চৌধুরী বলেন, হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কয়েক বছর আগে লন্ডনে তাঁদের বাসার কাছে তাঁর বাবার ওপর একই ধরনের হামলা হয় বলে তিনি জানান।