লবণ চাষ করতে ঝাউগাছ নিধন!
‘লবণ চাষ করতে’ কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের চরধুরুং সৈকত থেকে ঝাউগাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ২০১০ সালে চরধুরুং সৈকতের প্রায় আড়াই কিলোমিটারজুড়ে (২৫ হেক্টর) উপকূলীয় বন বিভাগ সাত হাজারের বেশি ঝাউগাছ রোপণ করে। গাছগুলো এখন ১৫ থেকে ২০ ফুট উঁচু হয়েছে। কিন্তু কয়েক দিন ধরে চরধুরুং এলাকার প্রভাবশালী এক ব্যক্তির নেতৃত্বে দুর্বৃত্তরা রাতের বেলায় শত শত ঝাউগাছ কেটে নিচ্ছে।
চরধুরুং এলাকার লবণচাষি গিয়াস উদ্দিন বলেন, ঝাউবাগান কেটে সেখানে লবণমাঠ তৈরি করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাস থেকে লবণ উৎপাদনের নতুন মৌসুম শুরু হচ্ছে। তাই আগেভাগে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। যারা গাছ কাটছে, তারা প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ বাধা দিতে পারছেন না।
স্থানীয় সূত্রমতে, গত সাত দিনে এ বাগানের প্রায় দেড় হাজার ঝাউগাছ কাটা হয়েছে। অন্য গাছগুলোও কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন বলেন, রাতের বেলায় গাছ কাটা হয়। আর গাছ কাটার চিহ্ন মুছে ফেলতে দিনের বেলায় শিশু-কিশোরদের দিয়ে গাছের গোড়া উপড়ে ফেলা হচ্ছে। তারপরও বাগানে শত শত গাছের গোড়া এখনো রয়ে গেছে।
বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী ফজলুল হক বলেন, উপকূল রক্ষার ঝাউগাছগুলো কেটে ফেলায় জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি বসতিও ঝুঁকির মুখে পড়েছে। তিনি বলেন, গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এর মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে ভেঙে গেছে প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ। ওই সময় উত্তর ধুরুং ইউনিয়নের সাত হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। এখনো ৮০ শতাংশ মানুষ ঘরবাড়ি তৈরি করতে পারেনি। ভাঙা বেড়িবাঁধ এখনো খোলা অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ঝাউগাছগুলো কেটে ফেললে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
উপকূলীয় বন বিভাগের কুতুবদিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, চরধুরুং এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফারুকের নেতৃত্বে মজিব বাহিনীর লোকজন লবণমাঠ তৈরির জন্য সমুদ্রসৈকতের প্যারাবন ও ঝাউবাগান উজাড় করছে। বন বিভাগের বাধার কারণে লবণমাঠ তৈরি বন্ধ হলেও গাছ চুরি বন্ধ করা যাচ্ছে না। কারণ, বন কার্যালয় থেকে ঘটনাস্থল ৩০-৩৫ কিলোমিটার দূরে। স্বল্পসংখ্যক বনকর্মী দিয়ে সেখানে দিন-রাত পাহারা বসানো কঠিন। মজিব বাহিনীর অধিকাংশ সদস্য জলদস্যু। মজিব ইউপি সদস্য ফারুকের আপন ভাই।
রেঞ্জ কর্মকর্তা বলেন, এখন ঝাউবাগানের ভেতরে গাছের যেসব গোড়া দেখা যাচ্ছে, সেগুলো রোয়ানুর আঘাতে ভেঙে যাওয়া গাছের। সমুদ্রের ঢেউয়ের ধাক্কায়ও প্রতিদিন কিছু কিছু ঝাউগাছ বিলীন হচ্ছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য মো. ফারুক বলেন, ঝাউগাছ নিধনের সঙ্গে তিনি ও তাঁর ভাই মজিব জড়িত নন। তাঁর দাবি, চট্টগ্রামের বাঁশখালী থেকে লোকজন ট্রলার নিয়ে এসে ঝাউগাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। আবার এলাকার কিছু দরিদ্র মানুষও জ্বালানির জন্য ঝাউগাছ কেটে নিচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় ঝাউগাছ নিধন বন্ধ করা যাচ্ছে না।
উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী বলেন, ‘চরধুরুং সৈকতে সৃজিত ঝাউবাগানের প্রায় ৬০০ গাছ কেটে ফেলার খবর পেয়েছি।’ তিনি বলেন, তিনি কুতুবদিয়ার বাইরে আছেন। তাই গাছগুলো কারা কাটছে, তা বলতে পারছেন না। এলাকায় ফিরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।