লাইনম্যানের লাঠির আঘাতে প্রাণ গেল ভটভটিচালকের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনায় রাজশাহী নগরের পশুর হাট সিটি হাটে গতকাল রোববার তাইজুদ্দিন নামের একজন ভটভটিচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মতি রবিদাস নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত তাইজুদ্দিনের (৪৫) বাড়ি পবা উপজেলার নতুন মধুপুর গ্রামে। বাবার নাম মৃত আবদুল মজিদ। অন্যদিকে আটক মতি রবিদাস (৪০) রাজশাহী নগরের শিল্পীপাড়া সুজানগর এলাকার মৃত কোয়েল দাসের ছেলে।
নগরের শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, মতি রবিদাস হাটের বাইরের রাস্তায় যানজট কমাতে ভটভটির লাইনম্যানের কাজ করছিলেন। দুপুরে ওই হাটে নিজের ভটভটিতে করে গরু নিয়ে আসেন তাইজুদ্দিন। মতি তাঁকে ভটভটি থেকে দ্রুত গরু নামাতে বলেন। গরু নামানো শেষ হলে তিনি দ্রুত ভটভটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মতি নিজের হাতে থাকা লাঠি দিয়ে তাইজুদ্দিনের কাঁধে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান বলেন, হাটে কোনো পশু মারা গেলে তা বাইরে ফেলে আসার কাজ করেন মতি। ভটভটিচালক তাইজুদ্দিনের সঙ্গে গতকাল তাঁর কী নিয়ে কথা-কাটাকাটি হয়েছে, তা তিনি বলতে পারেন না। তাইজুদ্দিনের মৃত্যুর পর আশপাশের লোকজন মতিকে ধরে তাঁদের কাছে নিয়ে আসেন। এরপর তাঁকে পুলিশে দেওয়া হয়।
ওসি জিল্লুর রহমান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বলেন, মতিকে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে।