লাইনে দাঁড়িয়ে ফি জমা দিতে বলায় দুই শিক্ষার্থীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইনে না দাঁড়িয়ে ব্যাংকে ঢুকে পরীক্ষার ফি জমা দেওয়ার চেষ্টা করছিলেন ছাত্রলীগের এক কর্মী। অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কর্মীরা দুই শিক্ষার্থীকে মারধর করেন। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্রণী ব্যাংকের শাখা কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে।
হামলার শিকার দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ-এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. সাদ্দাম হোসাইন। তাঁরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে অগ্রণী ব্যাংকের ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফি জমা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ও মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. রবিন পরে এসে আগে টাকা জমা দেওয়ার চেষ্টা করেন। একই সারিতে ফি জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা সাদ্দাম হোসাইন লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার অনুরোধ করেন তাঁকে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দামকে টেনে-হিঁচড়ে ব্যাংক থেকে বাইরে নিয়ে আসেন রবিন ও তাঁর বন্ধু মো. সুরুজ। সাদ্দামকে উদ্ধার করতে ছুটে যান মিজান। পরে তাঁদের দুজনকেই মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।
আহত মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অগ্রণী ব্যাংকের বাইরে ছাত্রলীগের কয়েকজন কর্মী আমার এক বন্ধুকে হেনস্তা করতে থাকেন। তাঁকে উদ্ধারে ছুটে গেলে ছাত্রলীগের কর্মীরা আমাকেও মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।’
দুই শিক্ষার্থীকে মারধর করার বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘আহত সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুই শিক্ষার্থীকে মারধর করার ঘটনাটি শুনেছি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’