লাইসেন্স ছাড়া চালানো ১৫ চালকের জেল
রাজধানী ও এর উপকণ্ঠে পৃথক অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ১৫ গাড়িচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া যানবাহনে অনিয়মের দায়ে ৯৭টি গাড়িকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) সূত্র জানায়, বিআরটিএর চারটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত রাজধানীর কাফরুল, মোহাম্মদপুর, নিমতলী ও রাজধানীর উপকণ্ঠ সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। চারটি আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান, সুজিত হাওলাদার, জোহরা খাতুন ও মুহাম্মদ আবদুস সালাম। ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকার দায়ে বাস, পিআকআপ, হিউম্যান হলার ও সিএনজিচালিত অটোরিকশার, ১৫ জন চালককে ১৫ থেকে এক মাসের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে ৯৭টি মামলা করেন। এসব যানবাহনকে ১ লাখ ৭১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ফিটনেস না থাকায় চারটি বাসকে পরিত্যক্ত ঘোষণা করে পুলিশের কাছে পাঠান।
বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ১৫ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন যানবাহনকে করা জরিমানার ১ লাখ ৭১ হাজার টাকা আদায় করা হয়েছে।