লাইসেন্স ছাড়া পানি বাজারজাত, দুই কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের লাইসেন্স ও কোনো ধরনের পরীক্ষা ছাড়া পানি বাজারজাত করায় চট্টগ্রামে দুই কারখানা বন্ধ ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার নগরের বাকলিয়া এলাকায় শাবাবা ড্রিংকিং ওয়াটার ও আরওয়া ড্রিংকিং ওয়াটার নামের ওই দুই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন। তিনি জানান, পানি বাজারজাতের জন্য শাবাবা ড্রিংকিং ওয়াটার বিএসটিআইয়ের কাছ থেকে কোনো লাইসেন্স নেয়নি। তারপরও তারা পানির জারে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। আরওয়া ড্রিংকিং ওয়াটারের বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ সোয়া এক বছর আগে শেষ হয়ে গেছে। তারপরে নবায়ন করেনি। কারখানা দুটিতে পানির মান পরীক্ষার জন্য কোনো রসায়নবিদ নেই, লোক দেখানো একটি ল্যাব থাকলেও প্রয়োজনীয় পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতি নেই। এই ধরনের নানা অনিয়ম পাওয়া যাওয়ায় কারখানা দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।