লাইসেন্স না থাকায় চট্টগ্রামে ৭ বেকারির বিরুদ্ধে মামলা
লাইসেন্স না নিয়ে পণ্য উৎপাদন ও বিক্রি করায় নগরের দেওয়ানহাট ও বিবিরহাট এলাকার সাত বেকারির বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। গতকাল মঙ্গলবার বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তা মো. সাফায়েত হোসেন মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাগুলো করেন।
সাফায়েত হোসেন বলেন কেক, বিস্কুটসহ যেকোনো সামগ্রী উৎপাদন ও বিক্রির আগে এর গুণগত মান যাচাই করে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আইন ভঙ্গ করায় বেকারিগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো দেওয়ানহাট শেখ মুজিব রোডে অবস্থিত মেসার্স মি. টুনি ফুড, দেওয়ানহাট মোড়ের মুম্বাই সুইটস অ্যান্ড বেকার্স, বিবিরহাট আতুরার ডিপো এলাকার মাবিয়া বেকারি, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাকশন অ্যান্ড কনফেকশনারি, মেসার্স বজল বেকারি, মেসার্স মায়ের দোয়া বেকারি ও মেসার্স হাজি মান্নান বেকারি অ্যান্ড কনফেকশনারি।
নকল ডিটারজেন্ট তৈরির দায়ে দণ্ড: বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে নকল ডিটারজেন্ট পাউডার তৈরি ও বাজারজাত করার অপরাধে নগরের উত্তর হালিশহরে ‘মারিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানার মালিককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই কারখানা থেকে তিন টন নকল ডিটারজেন্ট পাউডার জব্দ ও ধ্বংস করা হয়েছে।