লাইসেন্স না থাকায় সাত বেকারির বিরুদ্ধে মামলা
লাইসেন্স না নিয়ে পণ্য উৎপাদন ও বিক্রি করার অভিযোগে চট্টগ্রামের দেওয়ানহাট ও বিবিরহাট এলাকায় সাত বেকারির বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। আজ মঙ্গলবার বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তা মো. সাফায়েত হোসেন বাদী হয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলাগুলো দায়ের করেন।
এ ব্যাপারে মো. সাফায়েত হোসেনের ভাষ্য, বেকারিতে কেক ও বিস্কুটসহ যেকোনো সামগ্রী উৎপাদন ও বিক্রির আগে এর গুণগতমান যাচাই করে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এ আইন ভঙ্গ করায় সাতটি বেকারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া পণ্যের গুণগত মান যাচাই এবং লাইসেন্স নেওয়া ছাড়া তাদের কোনো পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করতে নিষেধ করা হয়েছে।
বিএসটিআই সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো হল, দেওয়ানহাট শেখ মুজিব রোডে অবস্থিত মেসার্স মিঃ টুনি ফুড, দেওয়ানহাট মোড়ের মুম্বাই সুইটস অ্যান্ড বেকার্স, বিবিরহাট আতুরার ডিপো এলাকার মাবিয়া বেকারি, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাকশন অ্যান্ড কনফেকশনারি, মেসার্স বজল বেকারি, মেসার্স মায়ের দোয়া বেকারি ও মেসার্স হাজী মান্নান বেকারি অ্যান্ড কনফেকশনারি।