লাউয়াছড়া উদ্যান থেকে যুবকের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
লাউয়াছড়া বনের বিট কর্মকর্তা রেজাউর করিম বলেন, জাতীয় উদ্যানের ভেতরে মাগুরছড়া গ্যাসকূপের ১ নম্বর গেট থেকে উত্তর দিকে গাছে লাশটি ঝুলছিল। বনকর্মীদের নিয়ে তিনি সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত সাতটার দিকে তিনি থানায় খবর দেন। রাত নয়টার দিকে উপপরিদর্শক (এসআই) আল আমীন ও লিটন পালের নেতৃত্বে পুলিশ বনকর্মীদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি সম্ভবত চার-পাঁচ দিন আগের। মরদেহে দাগ ছিল না। এটি আত্মহত্যা না হত্যা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বলেন, গভীর বনের ওই দিকে সাধারণত পর্যটক চলাচল করে না। তাই পর্যটকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। জাতীয় উদ্যানের পর্যটক সহায়ক পুলিশ ও সহব্যবস্থাপনা কমিটি পর্যটকদের নিরাপত্তার দিকে আরও সজাগ থাকবে।