লাকসামে ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি গত মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। তবে পদ না পাওয়া নেতা–কর্মীরা একে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে রাতেই লাকসাম উত্তর বাজার এলাকায় বিক্ষোভ করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়।

ছাত্রদলের অন্তত পাঁচজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সায়েদুল ইসলামকে সভাপতি ও মাইন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া নূরে আলমকে সভাপতি ও জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট লাকসাম পৌর কমিটির অনুমোদন দেয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল। পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেন। রাত সাড়ে আটটায় তাঁরা লাকসাম উত্তর বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় সেখানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম ওরফে চৈতি কালামের রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করা হয়।

লাকসাম উপজেলা ছাত্রদলের অন্তত দুজন নেতা দাবি করেন, উপজেলা ছাত্রদলের আগের কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ এবং পৌর কমিটির সভাপতি ওমর ফারুক ও আলী হায়দার রাজপথে আন্দোলনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অন্তত পাঁচটি করে মামলা রয়েছে। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে হঠাৎ করে সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণা করা হয়েছে। এটি দলের গঠনতন্ত্রের পরিপন্থী।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, লাকসাম উপজেলা বিএনপিতে দুটি ধারা রয়েছে। একপক্ষে নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা-১০ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাবেক সাংসদ আনোয়ারুল আজিম। আরেক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম। ছাত্রদলের নতুন কমিটিতে আবুল কালামের অনুসারীরা স্থান পেয়েছেন। এ কারণেই বিক্ষোভ হয়েছে।

পৌর ছাত্রদলের আগের কমিটির সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীরা কোনোভাবেই পকেট কমিটি মেনে নেব না। সম্মেলন করে কমিটি দিতে হবে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম অবৈধ পন্থায় ওই কমিটি নিয়ে আসেন। এর আগে যুবদলের কমিটিও একই কায়দায় নিয়ে আসা হয়।’

এ বিষয়ে জানতে আবুল কালামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বাদল বলেন, তাঁর ভাষায়, ‘কালাম সাহেবের রাজনৈতিক কার্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উত্বাতুল বারী বলেন, বড় কোনো দলের কমিটি ঘোষণা করলে অসন্তোষ থাকা অস্বাভাবিক নয়। পরে এ সমস্যা মিটে যাবে।