লাকসামে ডোবা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর বাড়ির পাশের ডোবা থেকে গতকাল রোববার বিকেলে সোহাগ মিয়া (৮) নামের এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোহাগ উপজেলার ছোট চাঁদপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। স্থানীয় মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। লাকসাম থানার এসআই আকতার হোসেন বলেন, গত শনিবার দুপুর থেকে সোহাগ মিয়াকে পাওয়া যাচ্ছিল না। সারা দিন অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। গতকাল রোববার সকাল থেকে এলাকায় তার সন্ধানে মাইকিং করা হয়। বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ডোবায় লাশ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এ সময় আশপাশের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন।
শিশুটির বাবা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে কারও শত্রুতা নেই। তাঁর সন্তানকে কে হত্যা করতে পারে, তেমন কোনো ধারণা তিনি করতে পারছেন না।
এসআই আকতার হোসেন বলেন, শিশুটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। হারিয়ে যাওয়ার সময় তাঁর কাছে একটি মুঠোফোন ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে। সেটি পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।