লাকসামে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ঘটনা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে যুবলীগের এক নেতা নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছেন। গত সোমবার উপজেলার টঙ্গীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি কান্দিরপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপজেলার টঙ্গীরপাড় ও সালেপুর গ্রামের অন্তত চারজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সালেপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন ও মো. রনি টঙ্গীরপাড় গ্রামের সেতুর ওপর দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় টঙ্গীরপাড় গ্রামের বাসিন্দা নূরনবী তাঁদের কাছে এভাবে মোটরসাইকেল চালানোর কারণ জানতে চান। তখন তাঁদের সঙ্গে নূরনবীর বচসা হয়। একপর্যায়ে নূরনবীকে তাঁরা মারধর করেন। খবর পেয়ে টঙ্গীরপাড় গ্রামের লোকজন ঘটনাস্থলে আসে।
একই সময়ে সালেপুর গ্রামের বাসিন্দারাও সেখানে জড়ো হয়। এ সময় উভয় পক্ষ কাঠের গুঁড়ি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।