লাখ টাকায় ধর্ষণের ঘটনা মীমাংসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করার ঘটনা এক লাখ টাকায় মীমাংসা করা হয়েছে। ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে সালিস বৈঠক ডেকে অভিযুক্ত তরুণের পরিবারের কাছ থেকে ওই টাকা নিয়ে কিশোরীর বাবাকে দেওয়া হয়েছে। ২১ জুলাই চণ্ডীপাড়া বাজারে বৈঠকটি হয়।
কিশোরীর বাবা ৪০ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কী করব? গরিব মানুষ। মামলা চালানোর সামর্থ্য আমার নেই। তাই বাধ্য হয়ে মীমাংসার বিষয়টি মেনে নিয়েছি।’ তিনি জানান, গত বুধবার রাতে থানায় গিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। তবে পুলিশ তাঁর আবেদন পায়নি বলে জানিয়েছে।
ময়মনসিংহ জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুর রহমান জানান, ধর্ষণের মতো অপরাধ টাকা দিয়ে মীমাংসা করা যায় না। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
কিশোরীর বাবা অভিযোগ করেন, ৭ জুলাই তাঁর মেয়েকে ধর্ষণ করেন নয়ন মিয়া (২০)। এ ঘটনায় তিনি ১০ জুলাই নয়ন মিয়ার বিরুদ্ধে নান্দাইল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পরও পুলিশ নয়নকে গ্রেপ্তার করেনি। এই সুযোগে স্থানীয় কিছু ব্যক্তি ঘটনাটি মিটমাট করে ফেলার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন। পরে ছাত্রলীগের স্থানীয় নেতারা ২১ জুলাই সালিস বৈঠক ডেকে টাকা নিয়ে ধর্ষণের ঘটনাটি মীমাংসা করতে বাধ্য করেন।
নয়ন মিয়ার বাবা বলেন, ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা তাঁকে ডেকে নিয়ে আধা ঘণ্টার মধ্যে মেয়ের বাবাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দেন। নেতাদের নাম জানতে চাইলে তিনি বলতে রাজি হননি। টাকার পরিমাণ জানতে চাইলে তিনি এক লাখ টাকা দেওয়ার কথা জানান।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, ধর্ষণের ঘটনা মীমাংসা করার জন্য ২১ জুলাই স্থানীয় চণ্ডীপাশা বাজারে বৈঠক বসে। এতে নয়নের বাবা, ধর্ষণের শিকার কিশোরীর বাবা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকিরসহ এলাকার কিছু লোক উপস্থিত ছিলেন। বৈঠকে ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম কিশোরীর বাবাকে এক লাখ টাকা নিয়ে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেন। এতে রাজি হওয়ায় তিনি নয়নের বাবার কাছ থেকে এক লাখ টাকা নেন। কিন্তু তাঁকে দেওয়া হয় ৪০ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের নেতা ওয়াহিদুল আলম দাবি করেন, এক লাখ টাকা নয়, নয়নের বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা এনে ওই কিশোরীর বাবাকে দেওয়া হয়েছে। নয়ন তাঁর পূর্বপরিচিত। কিশোরীর বাবা ভুল-বোঝাবুঝি থেকে নয়নের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি (কিশোরীর বাবা) তাঁর কাছে এসে বিষয়টি মিটিয়ে ফেলতে চান বলে জানিয়েছেন। এ কারণে তিনি বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।
বিষয়টি মিটিয়ে ফেলতে ছাত্রলীগের ওই নেতার কাছে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে কিশোরীর বাবা চুপ থাকেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, তাঁরা বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলা প্রত্যাহারের কোনো আবেদন পাননি।