লাখাই ও কুলাউড়ায় দুই ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলায় বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২৫) নামের এক তরুণ খুন হয়েছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিমন মিয়া (৩২) নামের এক পানচাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুঁতিগুঁতি গ্রামের বাসিন্দা এলাইছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার পূর্ব বামৈ গ্রামের আজিজ মিয়ার সঙ্গে একটি রাস্তা নির্মাণ নিয়ে তাঁর চাচাতো ভাই একই গ্রামের তানভীর ও তাঁর মা মিতফুল বেগমের বিরোধ চলছিল। গত সোমবার রাত ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছুরিকাঘাতে সাগর মিয়া নামের এক তরুণ ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সাগরের ভাই আজিজ ও বারিক আহত হন। তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তানভীর ও তাঁর মা মিতফুল বেগমকে আটক করে।
কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, রিমন বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী কর্মধা ইউনিয়নে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কিছু টিলাভূমি ইজারা নিয়ে তিন-চার বছর আগে সেখানে পান চাষ শুরু করেন। গত রোববার বিকেলে তিনি পানখেতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর খেঁাজ মিলছিল না। মুঠোফোন বন্ধ পান স্বজনেরা। সোমবার সকালে স্থানীয় লোকজন পানখেতের পাশে পাহাড়ি ছড়ার ধারে লাশ পড়ে থাকতে দেখেন।