লাখাইয়ে যৌন হয়রানির দায়ে একজনের কারাদণ্ড
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে এক নারীকে যৌন হয়রানির দায়ে ইসরাইল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার এ দণ্ড দেন আদালত। দণ্ডিত ব্যক্তি বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ইসরাইল মিয়া বেশ কিছুদিন ধরে একই গ্রামের এক নারীকে যৌন হয়রানি করে আসছিলেন। এ বিষয়ে ওই নারী উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে লাখাই থানা-পুলিশ আজ দুপুরে ইসরাইলকে গ্রাম থেকে আটক করে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করেন। আদালত অভিযোগ পর্যালোচনা করে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ওই দিনই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করেন। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইন এ দণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করেন।