লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে গতকাল শনিবার সকালে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। এ সময় ১০-১২টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। গতকাল সকাল আটটার দিকে গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবুল কালাম ও মিসির আলীর ছেলে সানোয়ারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা ও হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।