লাখাইয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি বল্লমের আঘাতে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মুড়াকরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের সঙ্গে একই গ্রামের হিরাই মিয়ার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৮ মে ইউপি নির্বাচনে এ দুজন প্রতিদ্বন্দ্বিতা করলে মুজিবুর রহমান জয়ী হন। নির্বাচনকে ঘিরে তাঁদের মধ্যে বিরোধ আরও বাড়ে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাজারে হিরাই মিয়ার লোকজনকে প্রতিপক্ষের লোকজন কটূক্তি করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র, বল্লম ও লাঠিসোঁটা ব্যবহার করেন। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ওয়াহিদ মিয়া (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ব্যক্তি ইউপি সদস্য মুজিবুর রহমানের সমর্থক ছিলেন।
এ ছাড়া সংঘর্ষে ধনু মিয়া (৫০), ফারুক মিয়া (৪৫) ও বারিক মিয়াসহ (২০) ২২ জন আহত হন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ ধনু মিয়াকে মুমূর্ষু অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজনের চিকিৎসা চলছে হবিগঞ্জ সদর হাসপাতালে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ১০-১২টি ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানান গ্রামবাসী।
লাখাই থানার ওসি মোজাম্মেল হক বলেন, আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত নির্বাচন থেকে এ বিরোধ আরও বাড়ে। এ ঘটনায় শুক্রবার (গতকাল) বিকেল পাঁচটা পর্যন্ত থানায় মামলা হয়নি।