লাখে পেতেন পাঁচ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল ভারতীয় রুপি জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে। ওই তরুণ সাংবাদিকদের বলেছেন, তিনি এক লাখ ভারতীয় জাল রুপি তৈরির বিনিময়ে পাঁচ হাজার টাকা পেতেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার টিকরামপুর এলাকার একটি বাসায় শুক্রবার বিকেলে অভিযান চালায় র‍্যাব-৫। এ সময় জাল মুদ্রা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপিসহ ওই তরুণকে আটক করা হয়।

র‍্যাবের হাতে জব্দ হওয়া বাংলাদেশি ও ভারতীয় জাল মুদ্রা। চাঁপাইনবাবগঞ্জ, ৭ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো
র‍্যাবের হাতে জব্দ হওয়া বাংলাদেশি ও ভারতীয় জাল মুদ্রা। চাঁপাইনবাবগঞ্জ, ৭ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

আটক তরুণ হলেন একই পৌরসভার জোড়বাগান এলাকার মো. রুবেল (২১)। তিনি নিজেকে রাজশাহীর গোদাগাড়ী ডিগ্রি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেছেন।

অভিযান শেষে সন্ধ্যায় ঘটনাস্থলেই র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে জাল টাকার ব্যবসায়ীদের একটি চক্রকে ধরতে দীর্ঘদিনের অনুসন্ধান চালানো হয়। ওই অনুসন্ধানের ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে এই কারখানার খোঁজ পাওয়া যায়।

আবদুল্লাহ আল মুরাদ বলেন, রুবেল কয়েক মাস আগে টিকরামপুর মহল্লার নুরুল ইসলামের এই বাড়িটি ভাড়া নেন। তিনি এ বাসায় জাল টাকা তৈরির পাশাপাশি বসবাস করতেন। তিনি বলেন, ওই বাসা থেকে বিপুল পরিমাণ ভারতীয় দুই হাজার রুপির ও বাংলাদেশের এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ ছাড়া মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত প্রায় এক কোটি টাকার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

জাল টাকা ও ভারতীয় জাল রুপি তৈরির অভিযোগে মো. রুবেলকে আটক করে র‍্যাব। চাঁপাইনবাবগঞ্জ, ৭ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো
জাল টাকা ও ভারতীয় জাল রুপি তৈরির অভিযোগে মো. রুবেলকে আটক করে র‍্যাব। চাঁপাইনবাবগঞ্জ, ৭ সেপ্টেম্বর। ছবি: প্রথম আলো

র‍্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মুরাদ বলেন, রুবেল হচ্ছেন জাল টাকা তৈরির একজন কারিগর। এর পেছনে মূল হোতারা রয়েছেন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে তাঁদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এ সময় রুবেলকেও সাংবাদিকদের সামনে হাজির করা হয়। রুবেল সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যেই আমি ৪০ থেকে ৫০ লাখ ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা তৈরি করেছি। প্রায় এক কোটি টাকা তৈরির উপকরণ মজুত আছে। আমি মূলত ভারতীয় জাল রুপি তৈরি করতাম। অল্প কিছুদিন থেকে বাংলাদেশি টাকাও তৈরি করছি। এক প্যাকেট (এক লাখ) জাল রুপি তৈরির বিনিময়ে আমাকে দেওয়া হতো পাঁচ হাজার টাকা।’