মঠবাড়িয়ায় সহযোগী মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা
লাখো টাকা হাতিয়ে নিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা?

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সহযোগী মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণার শিকার এক ব্যক্তি গত সপ্তাহে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ রয়েছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসমাইল খান অন্তত ২০ জনের কাছ থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে সনদের জন্য তাঁকে টাকা দিয়েছেন এমন আটজনের সুনির্দিষ্ট তথ্য প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজনকে ‘ভুয়া’ সনদও দেওয়া হয়েছে।
ইসমাইলের বাড়ি উপজেলার পশুরিয়া গ্রামে। একই গ্রামের আবদুস ছাত্তার হাওলাদার নামের এক ব্যক্তি ইসমাইলকে ৫০ হাজার টাকা দিয়ে সহযোগী মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। একই গ্রামের ইয়াকুব আলী, ইউনুস মাঝি, কুদ্দুস দফাদার, নূর মোহাম্মদ হাওলাদার এবং সোনাখালী গ্রামের আবু মুন্সী ও আবদুল হক ইসমাইল খানকে ৫০ হাজার করে টাকা দিয়েছেন, তবে এখনো সনদ পাননি। ভুক্তভোগী মানুষের সংখ্যা ২০ থেকে ২৫ জন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে এক মাস আগে উপজেলার পাঁচশতকুড়া গ্রামের আবদুস সালাম নামের এক ব্যক্তি সহযোগী মুক্তিযোদ্ধার সনদের জন্য ইসমাইল খানকে ৩১ হাজার টাকা দেন। সনদ হাতে পাওয়ার পর বাকি ১৯ হাজার টাকা দেওয়ার কথা ছিল। ওই ব্যক্তি পরে খোঁজ নিয়ে জানতে পারেন সহযোগী মুক্তিযোদ্ধার সনদ ‘ভুয়া’। এ ধরনের সনদ কোনো কাজে আসবে না। এরপর তিনি ইসমাইলের কাছে টাকা ফেরত চান। ইসমাইল টাকা ফেরত দিতে টালবাহানা করলে অবদুস সালাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের কাছে গত সপ্তাহে ওই লিখিত অভিযোগ দেন।
আবদুস সালাম বলেন, ‘আমাকে বলা হয়েছিল, সহযোগী মুক্তিযোদ্ধা সনদ জমা দিয়ে রাষ্ট্রীয় ভাতা পাওয়া যাবে। চিকিৎসার খরচসহ নানা সুযোগ-সুবিধা ভোগ করা যাবে। এসব প্রলোভনের বশবর্তী হয়ে ইসমাইলকে সনদের জন্য ৩১ হাজার টাকা দিই। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই সনদ ভুয়া।’
এদিকে পশুরিয়া গ্রামের আবদুস ছাত্তার হাওলাদারের ছেলে মো. রাজু হাওলাদার বলেন, ‘আমার বাবা অসুস্থ ছিলেন। ইসমাইল বলেছিলেন, সহযোগী মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার পর বাবাকে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করবেন। এক মাসের মধ্যে রাষ্ট্রীয় ভাতা পাওয়া যাবে। এসব কথা শুনে আমার বাবা ইসমাইলকে ৫০ হাজার টাকা দেন। পরে বাবাকে সহযোগী মুক্তিযোদ্ধার সনদ, পরিচয়পত্র ও স্বাস্থ্যসেবার কার্ড দেওয়া হয়। তবে আমরা ওই সনদ দিয়ে কোনো সুবিধা পাইনি। আমার বাবা কয়েক দিন আগে মারা গেছেন।’
জানতে চাইলে ইসমাইল খান বলেন, ‘৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নামের একটি সংগঠন থেকে তিন মাস আগে আমি আমার বাবা বাদশা খানের জন্য সহযোগী মুক্তিযোদ্ধার সনদ নিয়েছি। এ জন্য সংগঠনের চেয়ারম্যানকে ছয় হাজার টাকা দিয়েছি। এরপর কয়েকজন আত্মীয় ও এলাকার লোকজন ওই সনদ পাওয়ার জন্য আমার কাছে আসেন। তাঁদের আমি সনদ পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তবে তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, একটি চক্র সহযোগী মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। চক্রটি মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে সহযোগী মুক্তিযোদ্ধা সনদ, কার্ড ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ দেওয়ার নামে প্রতারণা করছে। জনপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফা বলেন, ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ ২০০১ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। রাজধানীর কুড়িলে এর কার্যালয় রয়েছে। তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগী ছিলেন। আমরা সহযোগী মুক্তিযোদ্ধার সনদ দিচ্ছি। তবে এ জন্য কোনো টাকা নেওয়া হয় না। যদি কেউ আমাদের কথা বলে টাকা নিয়ে থাকেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি।’