লাখো টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪
ফরিদপুরের ভাঙ্গায় ৪ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভাঙ্গা পৌর এলাকার কাফুরিয়া-সদরদী মহল্লার সালাউদ্দীন আহমদের বাসা তল্লাশি করে ওই জাল টাকা উদ্ধার করা হয়। তাঁরা কোহিনূর বেগমের বাড়ির ভাড়াটে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের সালাউদ্দীন আহমেদ (৩০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৭), সালাউদ্দীনের ভাতিজা সায়েদুল সর্দার (২০) এবং পটুয়াখালী গলাচিপা উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জুয়েল হাওলাদার (২৫)।
বাড়ির মালিক কোহিনূর বেগম জানান, সালাউদ্দীন সাত দিন আগে নিজেকে একজন মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে তাঁর বাসাটি ভাড়া নিয়েছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ৩৫৬টি এবং ৫০০ টাকার ৯৮টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে সালাউদ্দীন, তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ রোববার বিকেলে মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।