লাগেজ আটকে টাকা আদায়ের অভিযোগে মামলা, সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনপ্রবাসী এক যাত্রীর লাগেজ আটক করে অতিরিক্ত টাকা হাতিয়ে আদায় করে যাত্রী হয়রানির অভিযোগে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। গতকাল মঙ্গলবার সিলেটের মহানগর হাকিম আদালতে (দ্বিতীয়) মামলা করলে মুখ্য মহানগর বিচারক হাকিম মো. সাইফুজ্জামান হিরো শুনানি শেষে চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার আসামিরা হচ্ছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের লাগেজ সুপারভাইজার আবদুল আজিজ, স্টেশন ম্যানেজার ওমর হায়াত, নিরাপত্তাকর্মী বেলায়েত হোসেন ও লাগেজ ইনচার্জ হেদায়েত উল্লাহ।
চারজনের বিরুদ্ধে সমন জারির বিষয়টি নিশ্চিত করে মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, আসামিদের আগামী ২ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার ওমর হায়াতের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কী ঘটনা, কার সঙ্গে কী ঘটেছিল, নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তাঁরা চারজনের বিরুদ্ধে আদালতে মামলা ও সমন জারির বিষয়টি তাঁকে জানালে ওমর হায়াত প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি মোটেও অবহিত নই। কেউ কোনো অভিযোগও করেনি।’