লাগেজে মিলল অজ্ঞাত কিশোরীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে লাগেজ থেকে এক অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ছয়টায় উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের মসজিদের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মসজিদটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বয়স ১৩ থেকে ১৪ বছর হতে পারে। মাথা ন্যাড়া ছিল। পরনে ছিল সাদা প্রিন্টের জামা ও সাদা টাইটস। আর সংশ্লিষ্ট লাগেজের রং ছিল লাল।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে পরিত্যক্ত অবস্থায় লাগেজটি দেখতে পান হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যরা। তাঁরা লাগেজ খুলে মরদেহ দেখতে পেয়ে দেবীদ্বার থানার পুলিশে খবর দেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, নিহত ওই কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখের অংশে রক্তক্ষরণের চিহ্ন ও ঠোঁটে ক্ষতচিহ্ন ছিল। নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।