লাচ্ছা সেমাই তৈরির চার কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুর শেখাহারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে গতকাল রোববার চারটি কারখানার মালিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে ‘বাজার তদারকি কার্যক্রম’ পরিচালনার সময় এ জরিমানা করা হয়।
কাহালু থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার শেখাহার বাজারে লাচ্ছা সেমাই তৈরির ৫০টির অধিক কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগ রয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক অভিযান চালিয়ে মেসার্স নুর লাচ্ছা সেমাই কারখানার মালিককে এক লাখ টাকা, মেসার্স ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৩০ হাজার টাকা, মেসার্স সিয়াম লাচ্ছা সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা ও মেসার্স খন্দকার লাচ্ছা সেমাই কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা তারিকুল ইসলাম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি এনামুল হক, কাহালু উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও কাহালু থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিন।
সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে ওই এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
এর আগে ২৮ জুন প্রথম আলোয় ‘মুরগির খামারে লাচ্ছা তৈরি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তিনটি কারখানাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।