লাচ্ছাপল্লিতে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলার শেখাহারের সেমাইপল্লিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন। বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) অনুমতি ছাড়া এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে এ জরিমানা করা হয়।
বগুড়ার নির্বাহী হাকিম মো. হাবিবুল হাসান গতকাল সোমবার এই অভিযান চালান। এ সময় তাঁর সঙ্গে বিএসটিআইয়ের কর্মকর্তা ও র্যা ব-পুলিশের সদস্যরা ছিলেন।
দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, শেখাহার বাজারের পাশে একটি বদ্ধ পুকুরপাড়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নুর লাচ্ছা সেমাই। সেই পুকুরের নোংরা পানিতে ভাসছে পচা-বাসি ময়দার খামির। তার পচা গন্ধ ভেসে আসছে লাচ্ছা কারখানায়। কারখানায় সেমাই তৈরির উপকরণ ধোয়ার কাজ চলছে সেই পুকুরের পানিতে। কারিগরেরা খালি গায়ে সেমাই ভাজছেন। ঘামে ভেজা হাত দিয়েই গরম তেলে ময়দার খামির ছাড়ছেন কারিগরেরা।
বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয়ের মাঠ কর্মকর্তা দেবব্রত বিশ্বাস বলেন, নুর লাচ্ছা সেমাই কারখানার মালিক বিএসটিআই থেকে একটি কারখানার নিবন্ধন নিয়ে তিনটি কারখানায় লাচ্ছা তৈরি করছেন। এ ছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী আধা কেজি করে লাচ্ছা প্যাকেট করার কথা। কিন্তু শর্ত লঙ্ঘন করে কারখানায় প্যাকেট করা হচ্ছে ১০ কেজি করে লাচ্ছা। প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ থাকার কথা থাকলেও তা করা হচ্ছে না।
এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের দণ্ডাদেশ দেন। দেবব্রত বিশ্বাস আরও বলেন, শর্ত ভঙ্গের দায়ে নুর লাচ্ছা সেমাইয়ের বিএসটিআইয়ের লাইসেন্স বাতিল করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরির দায়ে শেখাহার বাজারের ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানা ও রুকু লাচ্ছা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা, সেতু লাচ্ছা সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা, দুই বোন লাচ্ছা সেমাই ও জাকিয়া সেমাই কারখানাকে ২০ হাজার টাকা করে, ভাইবোন লাচ্ছা সেমাই ও ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১০ হাজার টাকা করে এবং সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে আদালত ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে দেবব্রত বিশ্বাস বলেন, গত ২৮ জুন প্রথম আলোয় ‘মুরগির খামারে লাচ্ছা তৈরি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হওয়ার পর তা শিল্পমন্ত্রীর নজরে আসে। মন্ত্রীর নির্দেশে শেখাহারের লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালানো হয়।