রাজধানীর উত্তরায় বেসরকারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সতীর্থদের হাতে লাঞ্ছিত ভারতের ছাত্রীটি নিজ দেশে চলে গেছেন। কলেজের অন্য বিদেশি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কলেজ কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার নির্ভয়ে থাকার ব্যাপারে আশ্বস্ত করার জন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সভা করেছে।
গতকাল দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে কলেজের ও দেশের মানসম্মান জড়িত। তাই ঘটনা তদন্তে তিনজন অধ্যাপককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৪ মার্চ রিপোর্ট দেবে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ উত্তরা থানায় মামলা করেছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্র জানায়, ৪ মার্চ সকালে কলেজের সামনে থেকে এক ছাত্রীকে একই কলেজের ওপরের শ্রেণির কয়েকজন ছাত্র একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। ভারতের কাশ্মীরের ওই ছাত্রী এ বছর এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। তুলে নিয়ে যাওয়ার বেশ পরে ছাত্রীটি রিকশায় করে কলেজে ফেরেন এবং ঘটনাটি কলেজ কর্তৃপক্ষকে জানান। দুজন চিকিৎসক প্রথম আলোকে জানিয়েছেন, লাঞ্ছিত ওই ছাত্রীকে পরে কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।
জানা গেছে, এ বছর প্রথম বর্ষে ১২ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আটজন ভারতের কাশ্মীরের, চারজন নেপালের। এই ১২ শিক্ষার্থীর মধ্যে তিনজন ছাত্রী। লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক প্রথম আলোকে বলেছেন, বিদেশি একাধিক শিক্ষার্থী কলেজ ছেড়ে যেতে চান বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন।
কলেজে ক্লাস শুরু হয় সকাল আটটায়। অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, গতকাল বিদেশি শিক্ষার্থীরা সকালে ক্লাসে আসেননি। জানতে পেরে হোস্টেলে গাড়ি পাঠিয়ে শিক্ষার্থীদের কলেজে আনা হয়। নিরাপত্তার ব্যাপারে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
সূত্র জানায়, কলেজে আসার পর সকাল সাড়ে নয়টা থেকে ১২টা পর্যন্ত কলেজের অধ্যক্ষ, জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সভা করেন। তাঁরা শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তাঁদের বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ এবং সরকার তাদের পাশে আছে। ভয়ের কিছু নেই।
লাঞ্ছনার শিকার ছাত্রীর সঙ্গে কথা বলার অনুমতি চাইলে অধ্যক্ষ জানান, ছাত্রীটি গত মঙ্গলবার দেশে চলে গেছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘কলেজের কয়েকজন ছাত্র এক কাশ্মীরি ছাত্রীকে ধরে নিয়ে যায়। পরে ছাত্রীটিকে ছেড়ে দিয়ে যায়। এ ঘটনার তিন দিন পর কলেজ কর্তৃপক্ষ অপহরণর চেষ্টার অভিযোগে একটি মামলা করেছে। আমরা তদন্ত করছি।’