লাঠিপেটা করে শ্রমিকদের সরাল পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় পৌনে চার ঘণ্টা পর অবরোধ থেকে পিছু হটেছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের হটিয়ে দেয়। আজ শনিবার সকালে বাসচাপায় একজন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ওই মহাসড়ক অবরোধ করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তিপরদি এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে বাসচাপায় স্থানীয় চৈতি কম্পজিটের আমান হাওলাদার (১৯) নামের এক শ্রমিক নিহত হন। এরপর ওই পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কটি অবরোধ করেন। এতে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শ্রমিক নিহত হওয়ার পর থেকে ক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এরপর বেলা সোয়া ১১টার দিকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনার পরই চৈতি কম্পোজিটের শ্রমিকেরা মহাসড়কের ওপর লাশ রেখে বিক্ষোভ করেন। তাঁরা চাপা দেওয়া বাস ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দেন। অন্তত ২৫টি যানবাহনে ভাঙচুর করা হয়। সকাল থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
আরও জানতে পড়ুন:
বাসচাপায়-শ্রমিকের-মৃত্যু-প্রতিবাদে-সড়ক-অবরোধ