লাঠির আঘাতে আহত বাড়ির মালিকের মৃত্যু ভাড়াটে গ্রেপ্তার
ভাড়াটের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার দুই দিন পর গত রোববার রাতে হালিমা বেগম নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ ভান্নারা এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। ভাড়াটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, হালিমা (৩৮) গত শুক্রবার বিকেলে আলামিন হোসেন (২৬) নামের এক ভাড়াটের কাছে বাড়ি ভাড়ার টাকা চাইতে যান। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলামিন লাঠি দিয়ে হালিমার মাথায় কয়েকবার আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে হালিমাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হালিমাকে শনিবার বিকেলে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে অন্য কোনো হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু রোববার সকালে তাঁকে নিজ বাসায় নেওয়া হয়। বাসায় রাত আটটার দিকে হালিমার মৃত্যু হয়।
এ ঘটনায় তাঁর স্বামী আলমগীর বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে পুলিশ আল আমিনকে ভাড়াবাড়ি থেকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানার গিমাডাঙ্গা মধ্যপাড়া এলাকায়।
এ ব্যাপারে জানতে চাইলে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হালিমার মাথায় লাঠি দিয়ে আঘাত করার কথা আল আমিন স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।