লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাওনা টাকা চাওয়ার জের ধরে ইমতিয়াজ হোসেন নামের এক যুবকের হাতে তাঁর চাচা রবিউল ইসলাম (৪২) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার পর গতকাল শুক্রবার রবিউলের মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে।
রবিউল ইসলাম উপজেলার কন্যাদহ গ্রামের আজিবার রহমানের ছেলে।
নিহত রবিউলের পরিবারের সদস্যরা বলেন, কলের লাঙল দিয়ে জমি চাষ বাবদ ইমতিয়াজ হোসেনের কাছে চাচা রবিউল ইসলাম টাকা পেতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা ইমতিয়াজ লাঠি দিয়ে তাঁর চাচার মাথায় আঘাত করেন। এতে রবিউল গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অ্যাম্বুলেন্সে করে মাগুরা শহর পার হওয়ার পর রবিউলের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, নিহত রবিউল ইসলামের স্ত্রী ইমতিয়াজ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ফয়েজ উদ্দীন ও দীপু মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।